আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী ও তাঁর স্ত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার নির্বাহী প্রকৌশলী (নির্মাণ বিভাগ) রাশেদুল হক (৫৫) ও তাঁর স্ত্রী নাসরিন হক (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার আশুগঞ্জ সারকারখানা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের বহনকারী অটোরিকশার চালক আলাল মিয়াও (২৫) প্রাণ হারিয়েছেন। পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে অটোরিকশায় চড়ে অন্য দুই যাত্রীর সঙ্গে রাশেদুল হক ও তাঁর স্ত্রী আশুগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদুল হক মারা যান। আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তাঁর স্ত্রী নাসরিন হক। একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুটায় মারা যান চালক আলাল মিয়া। দুর্ঘটনায় আহত অটোরিকশার অপর দুজন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আশুগঞ্জ সারকারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ফরিদ উদ্দিন প্রথম আলোকে জানান, রাশেদুল অসুস্থ ভাইকে দেখতে স্ত্রীকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ বলেন, লাশগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক। থানায় মামলা হয়েছে।