আশুগঞ্জে ১ সপ্তাহে ৮ বাড়িতে ডাকাতি, রাত জেগে পাহারা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে আট বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ভয়ে মেঘনা নদীর তীরবর্তী গ্রামে রাতের বেলা পাহারা দিচ্ছেন এলাকাবাসী।গতকাল রোববার বিকেলে আশুগঞ্জের তালশহর উচ্চবিদ্যালয় মাঠে ডাকাতি প্রতিরোধে বৈঠক করেছেন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় লোকজন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের, তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু শামাসহ এলাকার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ গত শুক্রবার রাতে উপজেলার তাজপুর গ্রামের কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাত দল যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসেট, স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে ১০ জন যাত্রী আহত হন।একই দিন ভোর রাত তিনটার দিকে উপজেলার বড়তল্লা গ্রামের ব্যবসায়ী মো. ফারুক মিয়ার বাড়ি, একই এলাকার ব্যবসায়ী জুনায়েদ মিয়ার বাড়ি ও খুরশেদ মিয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতেরা এই তিনটি বাড়ি থেকে ছয় লাখ টাকা, ১১টি মোবাইল ফোনসেট, ৪০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতের ছুরিকাঘাতে ফারুক মিয়াসহ পাঁচজন আহত হন।গত বৃহস্পতিবার রাতে তালশহর গ্রামের মনির মিয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতেরা এক লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার লুট করে। ২৫ নভেম্বর রাতে সোনারামপুর গ্রামের তিনটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।ডাকাতির ঘটনা রোধে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী তাজপুর, দুর্গাপুর, খড়িয়ালা, বগইর, বাহাদুরপুর ও সোহাগপুর, বড় তল্লাসহ বিভিন্ন গ্রামের লোকজন প্রতি রাতেই গ্রামে পালাক্রমে পাহারা দিচ্ছে।উপর্যুপরি ডাকাতির ঘটনায় গত শুক্রবার বিকেলে যাত্রাপুর ও শনিবার বিকেলে চর-চারতলা ইউনিয়ন পরিষদে গ্রামবাসী প্রতিবাদ সভা করে।তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু শামা জানান, ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডাকাত রোধে তালশহর উচ্চবিদ্যালয় মাঠে বৈঠক হয়েছে। বিভিন্ন গ্রামে রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে।আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘ডাকাতির ঘটনা খুবই বৃদ্ধি পেয়েছে। এতে আমরা উদ্বিগ্ন।’আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের গ্রামবাসী পাহারা দেওয়ার কথা স্বীকার করে বলেন, জনগণ সচেতন না হলে পুলিশের একার পক্ষে ডাকাতি রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা প্রতিটি গ্রামেই সভা করে গ্রামবাসীকে সচেতন করছি।’ তিনি বলেন, ডাকাতির ঘটনায় এ পর্যন্ত দুজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।