আশুগঞ্জের অগ্নিদগ্ধ সেই তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে বখাটের দেওয়া আগুনে দগ্ধ হওয়া রেখা বেগম (১৮) মারা গেছেন। ঘটনার ১০ দিন পর গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রেখা উপজেলার চরচারতলা গ্রামের দিনমজুর মোস্তফা মিয়ার মেয়ে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (২২) এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রেখার পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর ধরে রেখার সঙ্গে একই এলাকার মেহেদীর প্রেমের সম্পর্ক থাকলেও তিনি (মেহেদী) বিয়েতে আপত্তি জানান। বছর দুয়েক আগে মেহেদী অন্য মেয়েকে বিয়েও করেন। এরপর মেহেদী বিয়ে করার আশ্বাস দিয়ে রেখার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে রেখা তাঁকে বিয়ে করতে মেহেদীকে চাপ দেন। এতে তিনি ক্ষুব্ধ হন। এর জের ধরে ১ ডিসেম্বর সকাল ১০টার দিকে কেরোসিন ভর্তি বোতল নিয়ে রেখার বাড়িতে যান মেহেদী। এ সময় রেখার মা-বাবা বাড়িতে ছিলেন না। রেখা বাড়ির পেছনে কাজ করছিলেন। সেখানে গিয়ে তিনি রেখার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। রেখার চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এসে তাঁর গায়ে পানি ঢেলে আগুন নেভান। রেখাকে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ওই দিন সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ২ ডিসেম্বর ‘কেরোসিন ঢেলে তরুণীর গায়ে আগুন’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজহারুর রহমান সে সময় বলেছিলেন, রেখার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
রেখার চাচা সুহেল চৌধুরী বলেন, এ ঘটনায় ৪ ডিসেম্বর রেখার মা রাবেয়া বেগম বাদী হয়ে মেহেদীসহ আটজনকে আসামি করে একটি মামলা করেন। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
রাবেয়া বেগম মেয়ের হত্যার বিচার দাবি জানিয়ে বলেন, ‘আমরা গরিব বইল্যা পুলিশ আমড়ার মামলার আসামিরারে ধরে না।’
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, স্বজনদের মাধ্যমে তিনি রেখার মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনার পর থেকেই মেহেদী ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা আগের মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।