আশুগঞ্জের মেঘনায় ট্রলার ডুবে দুই ব্যবসায়ী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোহনায় গতকাল মঙ্গলবার গরুবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় দুই ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আটটি গরু মরে গেছে। অতিরিক্ত গরুবোঝাই ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বেঁচে যাওয়া ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২১টি গরু নিয়ে ভৈরবের পুরোনো ফেরিঘাট এলাকা থেকে গতকাল সকাল ১০টার দিকে ট্রলারটি ছেড়ে যায়। গন্তব্য ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমুজার গরুর হাট। ট্রলারটি ছেড়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হয়। পরে রেলওয়ে সেতুর কাছে ট্রলারটি পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ে এটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর সাতজন ব্যবসায়ী সাঁতরে তীরে ওঠেন। একই সঙ্গে তীরে ওঠে ১৩টি গরু। কিন্তু খোঁজ মেলেনি তারা মিয়া (৩৫) ও ছাত্তার মিয়া (৩৮) নামের দুই ব্যবসায়ীর। কিছুক্ষণ পর আটটি মরা গরু ভেসে ওঠে।