আশুগঞ্জে'আনন্দ মেলা'র নামে জুয়া!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা রেলস্টেশন-সংলগ্ন নাটাল চত্বর এলাকায় ‘আনন্দ মেলা’র নামে চলছে জুয়ার আসর। মেলার পাশেই রয়েছে রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ইকবাল হোসেনের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী চক্র এই মেলার আয়োজন করেছে।
মেলা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৫ জুন থেকে এই মেলা চলছে। মেলা উপলক্ষে উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন গ্রামে অটোরিকশায় করে সকাল-সন্ধ্যা প্রকাশ্যে মাইক বাজিয়ে প্রচার চালানো হচ্ছে।
কয়েকজন অভিযোগ করেন, স্থানীয় মুক্তিযোদ্ধা অস্থায়ী ক্রীড়া চক্রের নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন, সরাইলের শাহবাজপুর গ্রামের শরীফ উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকার বাসিন্দা রহিম সর্দার এই মেলার আয়োজক। মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় মেলার আয়োজন করা হলেও স্থানীয় মুক্তিযোদ্ধারা এই বিষয়ে কিছু জানেন না।
গত শনিবার রাতে সরেজমিন দেখা যায়, বড় একটি প্যান্ডেলের ভেতর হাউজি, ওয়ান টেনসহ চারটি জুয়ার বোর্ড বসানো হয়েছে। এ সময় দর্শনার্থীদের ভিড় দেখা যায়। জুয়ার প্যান্ডেলের পাশেই আরেকটি প্যান্ডেলে ভেরাইটি শোর আয়োজনের কথা বলা হলেও তা দেখা যায়নি।
স্থানীয় সংস্কৃতিকর্মী শাহীন সিকদার বলেন, আশুগঞ্জ মেঘনা নদীর পারে মেলা বসানোর কথা বলে তারা স্টেশন ও বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে নাটাল চত্বরে জুয়ার আসর বসিয়েছে। এ জন্য উচ্চ আদালতের নির্দেশের দোহাই দিচ্ছে।
ইকবাল হোসেন বলেন, ‘হাইকোর্টের অনুমতি নিয়েই আমরা এটা শুরু করেছি। আমরা তো নিজেরা মেলা চালাতে পারি না। তাই অন্য একজনকে দায়িত্ব দিয়েছি।’ জুয়া খেলার অনুমোদন আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হাইকোর্ট আমাদের সবকিছুরই অনুমতি দিয়েছেন। মেলার লাভের একটি অংশ দুস্থ মুক্তিযোদ্ধাদের কল্যাণে খরচ করা হবে।’
আশুগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মহরম খন্দকার বলেন, গত ১৯ জুন এই মেলা বন্ধের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে এই মেলার আয়োজন করলেও মুক্তিযোদ্ধারা এর সঙ্গে সম্পৃক্ত নন।
আশুগঞ্জের চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব খান বলেন, অসহায় মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে এই মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু সেখানে জুয়ার আসর বসিয়ে আয়োজকেরা নিজেদের পকেট ভারী করছেন।
স্থানীয় আলালশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈশা খান বলেন, বিদ্যালয়ের পাশে জুয়ার আসর অশোভন তো বটেই। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে।
আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক বলেন, মেলা আয়োজনের কারণে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ইউএনও ইসমাইল হোসেন বলেন, ‘বিভিন্ন মহল থেকে মেলা বন্ধের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাব।’