আশুরার মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মানিকগঞ্জ সদর উপজেলায় পবিত্র আশুরার মেলায় আজ রোববার দুপুরে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বিল্লাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন জয়নাল হোসেন (৫২) নামে একজন। আজ রোববার দুপুরে উপজেলার গড়পাড়া এমামবাড়ী দরবার শরিফ প্রাঙ্গণে তিন দিনের এ মেলা বসেছে।
নিহত বিল্লাল হোসেনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নে। তিনি পেশায় ভবন নির্মাণকাজের ঠিকাদার। আহত জয়নালের বাড়ি নরসিংদী জেলায়।
পুলিশ এবং নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, পবিত্র আশুরা উপলক্ষে গড়পাড়া এমামবাড়ী প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলা বসেছে। আজ দুপুর দেড়টার দিকে ওই মেলায় বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দে এলপি গ্যাসের একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেন ও বেলুন বিক্রেতা জয়নাল আহত হন। এ সময় স্থানীয়রা মারাত্মকভাবে আহত বিল্লালকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।