আশুরায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশের
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে বলেছেন, গতবারের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়েই এবার তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাই এবার আর নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হোসেনি দালান পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গত বছর আশুরার আগের রাতে হোসেনি দালান চত্বরে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এই হামলা করে। এবার আশুরা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, হোসেনি দালানের ইমামবাড়াসহ যেসব স্থান থেকে তাজিয়া মিছিল বের হবে সেগুলোর জন্য নিরবচ্ছিন্ন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। চানখাঁরপুলে, হোসেনি দালানের মূল ফটক ও ভেতরে—এই তিন স্থানেই তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মেটাল ডিটেক্টর থাকবে। আর্চওয়ের ভেতর দিয়ে তল্লাশি করে ঢোকানো হবে।
ডিএমপি কমিশনার আশুরা ও তাজিয়া মিছিলে পটকা ও আতশবাজির ব্যবহার, যেকোনো ধরনের ধাতব বস্তু, ছুরি-দা-কাঁচি-বল্লম-তলোয়ার, ঢোল, লাঠিখেলা, আগুন খেলা, পোঁটলা (ছোট ব্যাগ) ও ১২ ফুটের বড় নিশান বহনে নিষেধাজ্ঞার কথা জানান। আছাদুজ্জামান মিয়া বলেন, বাইরে থেকে এসে কেউ মিছিলে অংশ নিতে পারবেন না। ইমামবাড়ার ভেতর থেকেই মিছিলে অংশ নিতে হবে। অংশগ্রহণকারীদের পরিচয় নিশ্চিত করবে কর্তব্যরত স্বেচ্ছাসেবকেরা।
হোসেনি দালান ইমামবাড়ার মুখপাত্র সৈয়দ বাকের রেজা মজলুম প্রথম আলোকে বলেন, নিরাপত্তা রক্ষায় ৫০ জনের বেশি স্বেচ্ছাসেবীও কাজ করছেন। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়বে। এবার তিনটি তাজিয়া মিছিলের একটি ৮ মহররম সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে, দ্বিতীয়টি পরদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এবং শেষ মিছিলটি ১০ মহররম সকাল ১০টা থেকে বেলা দেড়টার মধ্যে অনুষ্ঠিত হবে।