আশুলিয়া, সাভারে ২০ কারখানা ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বোর্ড প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ অবস্থায় গতকাল ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার জামগড়া এলাকার রোজ গার্মেন্টসের শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে গিয়ে কাজে যোগ না দিয়ে মজুরি বোর্ড প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবি জানান। কর্তৃপক্ষ সাড়া না দিলে শ্রমিকেরা সকাল নয়টার দিকে কারখানা থেকে বেরিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে তাঁরা পাশের ঘোষবাগ এলাকার কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় অন্তত চারটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

একই দাবিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার সাউদার্ন, মাসকাট, রেডিয়েন্স, কন্টিনেন্টাল, আজমত ও অনিমা গার্মেন্টসের শ্রমিকেরা সকাল ১০টার দিকে কারখানা থেকে বেরিয়ে আশপাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছুড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। এ সময় এলাকার ১২টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। একই দাবিতে হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা কারখানার বাইরে এসে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাঁদের শান্ত করে কারখানার ভেতরে পাঠিয়ে দেয়।

বেলা দেড়টার দিকে সাভারের উলাইল এলাকার এসএম-২ ও আল ইসলাম নামে দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করনে। একপর্যায়ে তাঁরা বাইরে এসে আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়ে মারেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে কারখানা দুটি ছুটি ঘোষণা করা হয়।

শিল্প-পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে আশুলিয়া ক্রমশ অশান্ত হয়ে উঠছে। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রাখা হয়েছে।