আশুলিয়ায় অনেক কারখানাই খোলা, বন্ধ ছিল অল্প

তৈরি পোশাকমালিকদের সংগঠনগুলো আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত নিলেও অনেক কারখানার মালিকই তা মানেননি। গতকাল মঙ্গলবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) আশুলিয়ার অনেক পোশাক কারখানা খোলা রাখা হয়। তবে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের দুই পাশের কারখানাগুলো বন্ধ ছিল। শ্রমিক অসন্তোষের কারণে পোশাক ও বস্ত্র খাতের মালিকদের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল গত সোমবার। তবে সরেজমিনে দেখা গেছে, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশের কারখানাগুলোর অধিকাংশ শ্রমিক কর্মস্থলে উপস্থিত হলেও বন্ধ পেয়ে আবার বাড়ি ফিরে যান। কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। গতকাল আশুলিয়ার শিল্পাঞ্চলে সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। গতকাল ডিইপিজেডসহ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ, পলাশবাড়ী, বাইপাইল, জিরানী, শ্রীপুর ও কবীরপুর এবং জিরাব-বিশমাইল সড়কের উভয় পাশের প্রায় সব কারখানা খোলা ছিল। কেবল বন্ধ থাকা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের উভয় পাশের প্রায় দেড় শ কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টানানো দেখা গেছে। হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার এক নারী শ্রমিককে আত্মহননে বাধ্য করার অভিযোগে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার এবং বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর চালিয়ে আসছিলেন। পুলিশ জানায়, সকাল আটটার দিকে হা-মীম গ্রুপের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান। হা-মীম গ্রুপের শ্রমিকেরা বলেন, গত শনিবার পারুল আক্তার নামের তাঁদের এক সহকর্মী আত্মহত্যা করেন। তাঁরা অভিযোগ করেন, পারুলের সঙ্গে তাঁদের আরেক সহকর্মীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করতে রাজি না হওয়ায় পারুল আত্মহত্যার পথ বেছে নেন। কিন্তু কর্তৃপক্ষের অনীহার কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। এ কারণেই তাঁরা আন্দোলন করছেন। অন্যান্য কারখানার শ্রমিকেরা বলেন, ডিইপিজেডের শ্রমিকদের তুলনায় তাঁরা অনেক কম বেতন পান। ডিইপিজেডের শ্রমিকদের সমপরিমাণ বেতন দাবি করলে কর্তৃপক্ষ দমন-পীড়ন চালায়। এ কারণেই এই এলাকায় নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসব বিষয়ে কারখানার মালিকদের সঙ্গে কথা বলতে চাইলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বন্ধ ঘোষণা করা হলেও গতকাল অনেক কারখানাই খোলা ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে।