আশুলিয়ায় অপহরণ আতঙ্ক
ঢাকার আশুলিয়ার আশুলিয়া ইউনিয়নের পাশাপাশি চারটি গ্রাম থেকে দুই শিশুকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। টাকার জন্য অপহরণের হুমকি দেওয়া হয়েছে অপর দুই শিশুর অভিভাবককে।
এসব ঘটনায় আশুলিয়ার দুর্গাপুর, আড়াগাঁও, কাঠগড়া ও কুটুরিয়া এলাকায় অপহরণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে অভিভাবকেরা সন্ধ্যার পর তাঁদের সন্তানদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না। অনেকে তাঁদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন বিশেষ পাহারায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২ এপ্রিল সন্ধ্যায় অপহৃত হয় দুর্গাপুর গ্রামের আমির হোসেন মণ্ডলের ছেলে মাসুম মণ্ডল (১৪)। পরে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মাসুমের মা মাজেদা বেগম বলেন, কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। এ কারণে তাঁর একমাত্র ছেলে মাসুমকে তিনি ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি করেন। মাসুম ওই মাদ্রাসার হোস্টেলে থেকে পড়ালেখা করে। গত ২ এপ্রিল বিকেলে সে বাড়ি আসে। এর পর সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাঁর মুঠোফোনে কল করে মাসুমকে অপহরণ করার কথা জানান। এ সময় ওই ব্যক্তিরা তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এর পর থেকে ছেলেকে মুক্ত করতে তিনি মুঠোফোনে ওই সব ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে থাকেন। কিন্তু অপহরণকারীরা ১০ লাখ টাকা ছাড়া তাঁর ছেলেকে ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করেন। পরে বিকাশের মাধ্যমে কয়েক দফায় ১০ লাখ টাকা পাঠানোর পর গত বুধবার তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয়।
মাসুম মুক্ত হওয়ার দুই দিন পর গত শনিবার অপহৃত হয় পাশের আড়াগাঁও গ্রামের কবীর শিকদারের ছেলে রাসেল শিকদার (১৪)। সে সাভার ব্যাংক কলোনির মদিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মক্তব শাখার ছাত্র। কবীর হোসেন বলেন, শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে তাঁর ছেলে খেলাধুলা করে। সন্ধ্যায় বাড়ি ফিরে সে আবার বাসা থেকে বেড় হয়। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গত রোববার তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর একদিন পর গত মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি তাঁর ভগ্নিপতি শরীফুল ইসলামের মুঠোফোনে কল করে রাসেলকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
রাসেলের চাচা সুলতান উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার দিন জামির হোসেন (২৪) নামে এক তরুণ তাঁর ভাতিজার সঙ্গে খেলাধুলা করে। ঘটনার পর থেকে সে এলাকা ছেড়ে চলে গেছে।
এদিকে কাঠগড়ার শাহীন পালোয়ান নামের এক ব্যক্তি জানান, দিন সাতেক আগে তাঁর মুঠো ফোনে কল করে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি আট লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁর ছেলে ইমরান হোসেনকে (১১) অপহরণের হুমকি দেন। ইমরান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে। ফারুক মিয়া ও রুবেল হোসেনসহ ওই এলাকার আরও অনেকে বলেন, গত শুক্রবার রাতে দুর্গাপুর এলাকায় একটি বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এক তরুণকে গলা কেটে হত্যা করে।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, একটি চক্র ওই এলাকায় হত্যা ও অপহরণের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য দিয়ে সহায়তা না করায় তাঁদের আটক করা সম্ভব হচ্ছে না।