আশুলিয়ায় অপহূত শিশু রায়গঞ্জে উদ্ধার এক নারী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়া থেকে অপহূত এক শিশুকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহূত শিশুর পরিবার ও রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের মোকাদ্দেস হোসেনের বাড়ি থেকে অপহূত শিশু কুলসুম খাতুনকে (৭) উদ্ধার করে পুলিশ। সে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী মিনিকে (২৫) গ্রেপ্তার করা হয়। তবে হাফিজুর আগেই পালিয়ে যান।
পেশায় রাজমিস্ত্রি খোরশেদ আলম পরিবার নিয়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বসবাস করতেন। পূর্বপরিচয়ের সূত্র ধরে ২ সেপ্টেম্বর তাঁর বাড়িতে মিনি এসে কুলসুমকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যান।