আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজিরা বোনাস বৃদ্ধি ও সার্ভিস বেনিফিট চালুসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) দুটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। গত সোমবার একই কর্মসূচি পালনের পর লেনি ফ্যাশনসসহ একই মালিকের তিনটি কারখানা দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা বলেন, গতকাল সকাল আটটার দিকে কারখানায় এসে ডিইপিজেডের কুইন সাউথ ও রেড পয়েন্ট নামে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে তাঁদের হাজিরা বোনাস ও টিফিন ভাতা বাড়ানোসহ সার্ভিস বেনিফিট চালুর দাবি জানান। কর্তৃপক্ষ অপারগতা জানালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে হাজিরা বোনাস বাড়ানোর ঘোষণা দেওয়া হলে বেলা তিনটার দিকে কুইন সাউথের শ্রমিকেরা কাজে যোগ দেন। সমঝোতা না হওয়ায় বিকেল চারটার দিকে রেড পয়েন্ট কারখানাটি ছুটি দিয়ে দেওয়া হয়।
লেনি ফ্যাশনসের শ্রমিকেরা বলেন, তাঁদের কারখানা ও লেনি অ্যাপারেলসসহ একই প্রতিষ্ঠানের তিনটি ইউনিটের শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলে ডিইপিজেডের মূল ফটকের কাছে পুলিশ ও আনসার সদস্যরা ভেতরে ঢুকতে বাধা দেয়। কারখানাগুলো মঙ্গল ও বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে।