আশুলিয়ায় এক নারীকে ঘাড় মটকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বগাবাড়ী এলাকায় ফারজানা বেগম (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তাঁকে শ্বাসরোধে ও ঘাড় মটকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফারজানা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জুরবাড়িয়া গ্রামের আবদুল মজিদের মেয়ে। বছর আটেক আগে দিনাজপুরের বিরামপুর উপজেলার চপড়া গ্রামের মাহতাব হোসেনের ছেলে উত্তম হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ফারজানার পারিবারিক সূত্র জানায়, তিনি আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলম মাতব্বরের বাড়িতে ভাড়া থেকে ওই এলাকায় রূপচর্চার প্রতিষ্ঠান (পার্লার) চালাতেন। গত সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তিনি নিজ ঘরে খুন হন।
জানা যায়, মনসুর আলমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মজিদ ও ইব্রাহিম তাঁকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ওই বাসা থেকে ফারজানার লাশ উদ্ধার করে। ফারজানার মা হোসনে আরা বেগম গতকাল আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ফারজানার স্বামী উত্তম হোসেনকে আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, ফারজানাকে শ্বাসরোধে ও ঘাড় মটকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।