আশুলিয়ায় একটি কারখানা বন্ধ ঘোষণা দুটিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক বিক্ষোভের জের ধরে ঢাকার আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইলস গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা বন্ধ করার প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এদিকে আশুলিয়ার চারাবাগের মাকসুকা ও নরসিংহপুরের বেবিটেক্স গার্মেন্টসের শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, এক সহকর্মীকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইলসের শ্রমিকেরা গত মঙ্গলবার সকালে কারখানায় বিক্ষোভ ও ভাঙচুর করেন। পরে ওই দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা কারখানা খোলার দাবিতে মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে কারখানায় ঢোকার চেষ্টা করেন। শিল্প পুলিশ আশুলিয়া জোনের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুস সাত্তার জানান, পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে তাঁরা বাড়ি চলে যান।