আশুলিয়ায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত
ঢাকার আশুলিয়ার দিয়াখালী এলাকায় গত বুধবার দিবাগত রাতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। তারা তিনজন অন্য ডাকাতি মামলারও আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত যুবকেরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার হাফিজুল ইসলাম (৩০) ও মিনহাজুল (৩২) এবং মিঠাপুকুর উপজেলার সুমন (২৮)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, সাভারে রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের মৃতদেহ নিয়ে যাওয়ার সময় ৪ মে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ওই তিন যুবকসহ কয়েকজন ডাকাত দুটি অ্যাম্বুলেন্স থামায়। ডাকাতেরা অ্যাম্বুলেন্সের যাত্রীদের কাছ থেকে ৫৭ হাজার টাকা ও ১১টি মুঠোফোন লুটে নেয়। ওই ঘটনায় বদরগঞ্জ থানায় ডাকাতির মামলা হলে ওই তিন যুবক আশুলিয়ায় চলে আসে।
আশুলিয়ার ইয়ারপুর গ্রামের ভাড়ায় চালিত গাড়িচালক সাইফুল ইসলাম জানান, বাড়ি ফেরার পথে বুধবার দিবাগত রাত একটার দিকে দিয়াখালী সেতুর কাছে ১৫ থেকে ২০ জন ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে। তিনি ক্রমাগত হর্ন বাজিয়ে গাড়িটি পেছনে নিলে ডাকাতেরা লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। তিনি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় স্থানীয় মসজিদের মাইক থেকে ‘ডাকাত’ আসার কথা ঘোষণা দিলে দিয়াখালীসহ পাশের ইয়ারপুর ও গোমাইল গ্রামের শত শত লোক ঘেরাও করে ডাকাত সুমনকে আটক করে।
দিয়াখালী গ্রামের ধনু মণ্ডলসহ কয়েকজন বাসিন্দা জানান, সুমনকে আটকের পর তাঁকে দিয়ে হাফিজুল ও মিনহাজুলের মুঠোফোনে কল করে তাঁদের অবস্থান জানতে চাওয়া হয়। হাফিজুল ও মিনহাজুলের তথ্য অনুযায়ী, তাঁদের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে রাত আড়াইটার দিকে আটক করে দিয়াখালী আনা হয়। সেখানে চার শতাধিক লোক তিনজনকে পিটুনি দেয়। ভোর চারটার দিকে দুজনের মৃত্যু হয়। স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
দিয়াখালী গ্রামের আবুল বাশার ও গোমাইল গ্রামের জাহিদুর রহমানসহ এলাকার আরও অনেকে জানান, ডাকাতের উৎপাতে লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন। প্রায় প্রতিরাতেই ডাকাতেরা দিয়াখালী সেতুর কাছে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে ডাকাতি করছিল। ডাকাতি রোধে তিন গ্রামের মানুষ সভা করে প্রতিরোধ কমিটি করেছে। এর ফলেই বুধবার রাতে তিন ডাকাত ধরা পড়ে।
ডাকাতির চেষ্টা ও হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। ডাকাতির চেষ্টার মামলা করেছেন গাড়িচালক সাইফুল ইসলাম। এই মামলায় নিহত তিন যুবকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আর হত্যার অভিযোগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমানের করা মামলায় এলাকার অজ্ঞাতনামা অনেক লোককে আসামি করা হয়েছে। আশুলিয়া থানার ওসি মো. বদরুল আলম বলেন, ডাকাতির চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।