আশুলিয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকার আশুলিয়ায় আবারও অভিযান শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। গতকাল সোমবার অভিযান চালিয়ে এক কিলোমিটার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগ জানায়, দুপুর ১২টা থেকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়েটার নামের একটি পোশাক কারখানার পাশে এক কিলোমিটারের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাসুদ। তাঁকে সহায়তা করেন তিতাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপব্যবস্থাপক আফতাব উদ্দিন।
আফতাব উদ্দিন বলেন, ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়েটারের আশপাশে দুই ও এক ইঞ্চি ব্যাসার্ধের নিম্নমানের পাইপের মাধ্যমে এক কিলোমিটার এলাকাজুড়ে শতাধিক অবৈধ সংযোগ দেওয়া হয়। এসব সংযোগের মাধ্যমে দেড় শতাধিক চুলায় গ্যাস পোড়ানো হচ্ছিল। গতকাল ঘোষবাগ এলাকায় দুই ইঞ্চি ব্যাসার্ধের এক কিলোমিটার অবৈধ লাইন থেকে ৬০ ফুট এবং এক ইঞ্চি ব্যাসার্ধের ২০০ ফুট লাইন থেকে ৮০ ফুট অবৈধ গ্যাসলাইন তোলা হয়। এ ছাড়া অবশিষ্ট লাইন পানি দিয়ে ভরে দেওয়া হয়েছে।
তিতাস গ্যাস সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ডিজিএম আবু জাফর সুলতান আহমেদ বলেন, অবৈধ লাইন বিচ্ছিন্নকরণ একটি চলমান প্রক্রিয়া।