আশুলিয়ায় চারটি কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার চারটি পোশাক কারখানায় গতকাল বৃহস্পতিবার শ্রমিকেরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন। দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে একটি কারখানায়। বেতন-ভাতার দাবিতে এবং দুই কর্মকর্তার অপসারণের প্রতিবাদে এসব ঘটনা ঘটে।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ইএসই নিট নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে দুই কর্মকর্তার অপসারণের বিষয়টি জানেন। দুপুরের দিকে শ্রমিকদের একটি অংশ এর প্রতিবাদ করলে মালিকপক্ষের লোকজনসহ শ্রমিকদের অপর একটি অংশ তাঁদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
গতকাল সকালে বেতন দেওয়ার কথা ছিল উত্তর গাজীরচট এলাকার জেএসটি ফ্যাশনসের শ্রমিকদের। কিন্তু মালিকপক্ষ বেতন না দিয়ে গা ঢাকা দেয়। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
জিরাব এলাকার প্যারাগন নিটওয়্যারের শ্রমিকেরা সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শ্রমিকদের মধ্যে কারখানাটি স্থানান্তর করার গুজব ছড়িয়ে পড়লে তাঁরা আরও উত্তেজিত হয়ে পড়েন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে সংলগ্ন জিরাব-বিশমাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
আশুলিয়ার পলাশবাড়ির তন্ময় ফ্যাশনসের শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে গতকাল সকাল ১০টার দিকে নবীনগর-কালিয়াকৈর অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে কারখানাটি ছুটি ঘোষণা করে দেওয়া হয়।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন দাবিতে গতকাল কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেছেন। পরে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো মীমাংসা করা হয়েছে।