আশুলিয়ায় নাশতা খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
নাশতা খেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার জনরন নামের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানার কয়েক শ শ্রমিক গতকাল নির্ধারিত সময় পরে রাতে অতিরিক্ত কাজ করছিলেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁদের নাশতা খেতে দেওয়া হয়। নাশতা খাওয়ার কয়েক মিনিটের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে বমি করতে থাকেন। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে তাঁদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক তানিয়া, মমতাজ, কাজলসহ আরও অনেকে বলেন, সাতটার দিকে তাঁদের রুটি-ডিম আর কলা খেতে দেওয়া হয়। ওই সব খাবার খাওয়ার পরপরই তাঁদের পেটব্যথা শুরু হয়। একপর্যায়ে তাঁরা বমি করতে থাকেন। অনেকে মাথা ঘুরে পড়ে যান।
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁরা শঙ্কামুক্ত।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শ্রমিকদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশতা খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।