আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এ জেড সোয়েটার্স লিমিটেড নামের পোশাক কারখানায় আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল।
পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটির নিচতলার একটি গুদামে সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগে। আগুন দ্রুতই মূল ভবনের নিচতলা ও দোতলায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঢাকা, ধামরাই, সাভার, টঙ্গী, ডিইপিজেড থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে আটটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল।
কারখানাটির স্টোর ইনচার্জ নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ জেড এপারেলস ও এ জেড সোয়েটারের কয়েক কোটি টাকার তৈরি পোশাক গুদামে ছিল। আজ রাতে শিপমেন্টের জন্য এসব মালামাল চট্টগ্রামে পাঠানোর কথা। তিনি আরও জানান, আজ কারখানা বন্ধ থাকলেও জেড এ সোয়েটারের ফিনিশিং বিভাগে অর্ধশতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। আগুন লাগার পরপরই তাঁরা অক্ষত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, দেড় থেকে দুই কোটি টাকার তৈরি পোশাকসহ আরও বেশ কিছু টাকার যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মামুন মাহমুদ রাত পৌনে আটটার দিকে এই প্রতিবেদককে বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা এখনো জানা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে পরে বলা যাবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘আমার জানা মতে, কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে দু-একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে শুনেছি।’