আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সব কারখানা ছুটি
হা-মীম গ্রুপের এক পোশাকশ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ রোববার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে রেখেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সেখানকার সব পোশাক কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে হা-মীম গ্রুপের ২ নম্বর ইউনিটের শৌচাগার থেকে পারুল আক্তার নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর তাঁকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, পারুল আত্মহত্যা করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, পারুলের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে হা-মীম গ্রুপের শ্রমিকেরা আজ সকালে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা অন্যান্য কারখানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর ওই কারখানাগুলোর শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন। এদিকে আজ জামায়াতের ডাকা হরতালের কারণে ওই সড়ক দিয়ে তেমন কোনো যানবাহন চলছে না।