আশুলিয়ায় ফের বিক্ষোভ, ভাঙচুর
ঢাকার সাভারের আশুলিয়ায় আজ রোববার আবার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের বিশেষ শাখার একজন কনস্টেবলের মাথা ফেটে যায়।
শিল্প পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে বহিরাগত কয়েকজন প্রীতি গ্রুপের পোশাক কারখানার হামলা চালায়। পরে শ্রমিক ও কারখানার আনসাররা তাঁদের ধাওয়া দেন। শ্রমিকেরা একপর্যায়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে গিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় তাঁদের ছোড়া ইটের আঘাতে সাদা পোশাকে থাকা পুলিশের বিশেষ শাখার কনস্টেবল আবদুস সাত্তারের মাথা ফেটে যায়। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাড়ি চলে যান।
সকাল নয়টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে বার্জ গ্রুপের পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। একই দাবিতে বিক্ষোভ করেন জামগড়ার ডংলিয়ন গ্রুপের শ্রমিকেরাও। বিক্ষোভের কারণে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে।
আশুলিয়ার টংবাড়ি এলাকার ন্যাচারাল ডেনিম কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কারখানা বন্ধ পেয়ে ফিরে যান। নাশতার টাকা বাড়ানোর দাবিতে গতকাল শ্রমিকেরা ভাঙচুর করলে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। তবে আশুলিয়ার অন্যান্য কারখানা খোলা রয়েছে। প্রতিটি কারখানার সামনে বিপুল পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
শিল্প পুলিশের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুস সাত্তার বলেন, আজ আশুলিয়ার প্রায় সব কারখানা খোলা। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।