আশুলিয়ায় বাসচাপায় দুই নারী শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।
নিহত শ্রমিকেরা হলেন আশুলিয়ার পলমল গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ফুলবানু (২২) ও বান্দু গার্মেন্টসের সহকারী অপারেটর মমতা বেগম (৩৫)।
আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলবানু গতকাল সকাল সাড়ে আটটার দিকে কর্মস্থলে যাওয়ার পথে শিমুলতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাইপাইলগামী দুটি মিনিবাস পাল্লা দিয়ে চলতে গিয়ে ফুলবানুকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই সময় বিভিন্ন কারখানার শ্রমিক ও জনতা ওই বাস দুটি আটক করে পুড়িয়ে দেয়। এর আগেই বাসের চালক ও সহকারী পালিয়ে যান। পরে জনতা ওই বাস দুটির চালকদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের (বাসচালক) গ্রেপ্তারের আশ্বাস দিলে জনতা সকাল পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেয়।
এদিকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে একই সড়কের ছয়তলা এলাকায় বাইপাইলগামী মিনিবাসের ধাক্কায় আহত হন মমতা। তাঁকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর তিনি মারা যান। এর আগে জনতা ওই বাসটি আটক করে ভাঙচুর করে।
ফুলবানুর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর স্বজনদের খোঁজ না পাওয়ায় ময়নাতদন্তের জন্য মমতার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিমুলতলা এলাকার মনিরুজ্জামান ও তপন পালসহ কয়েকজন বলেন, আবদুল্লাপুর ও নবীনগরের মধ্যে মিনিবাস আকৃতির দুই শতাধিক যানবাহন চলাচল করে। এর সবগুলোতেই পিকআপ ভ্যান বা অন্য যানবাহনের আকার পরিবর্তন করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এসব যানবাহনের চালকদের প্রায় সবাই অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ। এ কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীরা। এরপরও এসব যানবাহন বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনার পর বাস তিনটির চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।