আশুলিয়ায় বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
বেতনের দাবিতে ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকার বনানী অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন। বিক্ষোভের কারণে গতকালের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ সূত্র জানায়, শ্রমিকেরা গতকাল সকালে কারখানায় উপস্থিত হয়ে গত মাসের বেতনের দাবি জানান। কর্তৃপক্ষ বেতন পরিশোধে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে আগামী শনিবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে যান। পরে কারখানাটি গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে দেওয়ার কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না করে টালবাহানা করতে থাকে। এ কারণে তাঁরা গতকাল কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন।
কারখানার একজন কর্মকর্তা জানান, কাজ না থাকায় নির্ধারিত সময়ে শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি।