আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে নিহত বদরুলের দাফন
সেনাবাহিনী থেকে ২০১২ সালে অবসর নেওয়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেন বদরুল আলম (৪৫)। সেই চাকরি ছেড়ে ছয় মাস আগে নিরাপত্তাকর্মীর (গানম্যান) চাকরি নেন সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত থাকা মানুষটি নিজেই কতটা নিরাপত্তাহীন হয়ে পড়েছিলেন, ভাবতেও পারেননি। মঙ্গলবার সকালে সেখানেই দায়িত্ব পালনকালে তাঁকে কুপিয়ে হত্যা করে ডাকাতেরা। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বাবা কুদ্দুস কাজী মারা গেছেন অনেক আগে। রয়েছেন বৃদ্ধ মা।
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের বাড়িতে বুধবার বিকেলে বদরুলের লাশ পৌঁছে। লাশ আসার আগে থেকেই বাড়িতে প্রচুর ভিড় ছিল। কান্নাকাটি করছিলেন স্বজনেরা। অ্যাম্বুলেন্সে লাশ আসার পর সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা আমেনা বেগম (৭৩), স্ত্রী রিনা খানম (৩৫) ও দুই মেয়ে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছিলেন, মাঝে মাঝে বাকরুদ্ধ আবার চিৎকার করে কান্নাকাটি করছিলেন।
গত বুধবার রাত সাড়ে আটটায় যশোর সেনানিবাস থেকে সেনাসদস্যরা গ্রামের পারিবারিক কবরস্থানে সামরিক কায়দায় তাঁকে দাফন করেন। এর আগে বাড়ির পাশের মাঠে তাঁর জানাজা হয়।