ঢাকার আশুলিয়ার চারটি এলাকায় আনন্দমেলার নামে জুয়ার আসর বসিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যাত্রা ও পুতুলনাচের নামে রাতভর চলে অশ্লীল নৃত্য। এক মাসের বেশি সময় ধরে এসব চললেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
আয়োজকেরা বলছেন, তাঁরা বিভিন্ন ধরনের তাস বা অভ্যন্তরীণ খেলার নামে হাইকোর্টের অনুমতি নিয়ে এসব করছেন। এ ছাড়া প্রতি রাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের মাসোহারা দিচ্ছেন।
বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন (১৮৬৭ সালে প্রণীত) অনুযায়ী যেকোনো ঘর, স্থান বা তাঁবু জুয়ার আসর হিসেবে ব্যবহূত হলে এর মালিক বা রক্ষণাবেক্ষণকারী, জুয়ার ব্যবস্থাপক বা এতে কোনো সাহায্যকারী তিন মাসের বা অনূর্ধ্ব ২০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
২১ সেপ্টেম্বর আশুলিয়ার চারটি জুয়ার আসর ঘুরে দেখা গেছে, আয়োজকেরা তাস বা অভ্যন্তরীণ খেলার নামে যে ব্যবস্থা করেছিলেন তা ছিল মূলত জুয়া। যাত্রা ও পুতুল নাচের নামে চলেছে তরুণীদের দিগম্বর নৃত্য। এই চিত্র প্রতিদিনের—এমনটিই জানিয়েছেন জুয়া ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ও স্থানীয় ব্যক্তিরা।
আশুলিয়া থানার কাছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পাশে দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকায় জুয়ার আসর বসিয়েছেন রমজান আলী নামের এক ব্যক্তি। তাঁকে সহায়তা করেছেন স্থানীয় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ মণ্ডল। পাশের কথিত যাত্রামঞ্চে চলে তরুণীদের অশ্লীল নৃত্য।
জুয়া কমিটির ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের নেতার ছোট ভাই নূরুল আমিন মণ্ডল। তিনি বলেন, ‘হাইকোর্টে রিট করে আমাদের জমির ওপর যাত্রা ও জুয়ার আসর বসানো হয়েছে। কিন্তু এর পরও ঘাটে ঘাটে বেশ টাকাপয়সা খরচ করতে হয়েছে। এ ছাড়া পুলিশকেও প্রতি রাতে টাকা দিতে হচ্ছে।’
আশুলিয়া থানার পেছনে কাইসাবাড়ি এলাকার জুয়ার আসরের আয়োজক ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত হালিম চৌধুরী।
নাম প্রকাশে অনিচ্ছুক জুয়া কমিটির এক কর্মকর্তা বলেন, প্রতি রাতে আশুলিয়া থানাকে মোটা অঙ্কের টাকা দিয়ে জুয়ার আসর চালানো হচ্ছিল। শুক্রবার টাকা না দেওয়ায় শনিবার পুলিশ জুয়ার আসর বন্ধ করে দেয়।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের পাশে আনন্দমেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর বসিয়েছেন আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত ছানোয়ার হোসেন। সেখান থেকে দুই কিলোমিটার দূরে আশুলিয়ার ঘোষবাগেও আনন্দমেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর বসিয়েছেন শচীন ও সেলিম হোসেন নামের আওয়ামী লীগের দুই কর্মী। ছানোয়ার হোসেন বলেন, সবাই আয়োজন করেছেন। তাই তিনিও করেছেন।
স্থানীয় লোকজন জানান, প্রতিদিন সন্ধ্যার পর নাচ ও গানে জমজমাট হয়ে ওঠে ওই সব এলাকা। মাইকের শব্দে রাতে ঘুমানো কষ্ট হয়ে পড়েছে। ছেলেমেয়েদের লেখাপড়াও বিঘ্নিত হচ্ছে। পুলিশকে এ ব্যাপারে জানালেও লাভ হয় না।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ওসি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
ওসি বদরুল বলেন, হাইকোর্টে রিটের কারণে জুয়া বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে অশ্লীল নৃত্য বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুয়ার আসর থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ সম্পর্কে ওসি বলেন, অভিযোগ অনেকেই করতে পারেন, সত্য কি না, সেটা বড় বিষয়।