বেতন-ভাতা বাড়ানোর দাবিসহ কারখানা বন্ধের প্রতিবাদে গতকাল মঙ্গলবারও ঢাকার আশুলিয়া এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসে অন্তত ২৫ জন শ্রমিক আহত হয়েছেন।
অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে গতকাল একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং আরেকটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই এলাকার অন্যান্য কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানাগুলোর পাশের সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মেডলার গ্রুপের মেডলার অ্যাপারেলস থেকে শ্রমিক অসন্তোষ শুরু হয়। সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হন। তাঁরা ফটক ভেঙে কারখানায় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। পরে তাঁরা বাইরে থেকে কারখানায় ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাঁদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা কারখানার সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। পরে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মেডলারের শ্রমিকেরা অভিযোগ করেন, মালিকপক্ষ তাঁদের দাবি না মেনে আগাম নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেন। এর প্রতিবাদেই তাঁরা গতকাল বিক্ষোভ করেন। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে অন্তত ১৫ শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে কারখানার কাউকে পাওয়া যায়নি।
বেতন-ভাতাসহ দুপুরের খাবার ও নাশতার টাকা বাড়ানোর দাবিতে সকাল ১০টার দিকে নাসা গ্রুপের নাসা বেসিক নামের একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা মিছিল নিয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ১০ জন শ্রমিক আহত হন। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি সাময়িক বন্ধ ঘোষণা করে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আজ বুধবার কারখানাটি খোলা হতে পারে। এ ছাড়া সকাল থেকে জামগড়া এলাকার স্টারলিং অ্যাপারেলস ও সেতারা গ্রুপের একটি পোশাক কারখানাসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন।
আশুলিয়া জোনের শিল্প পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গতকাল শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারখানার শ্রমিকেরা বিক্ষোভ- ভাঙচুর করছেন। পুলিশের ব্যাপক তৎপরতার কারণে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাচ্ছে না।
বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে ক্রেতারা আশুলিয়ার কারখানাগুলো থেকে পোশাক কিনতে ইতিমধ্যে অনীহা প্রকাশ করেছে। এ কারণে মালিকেরা আশুলিয়ার কারখানা বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন।