আশুলিয়ায় সুতার কারখানায় আগুন
ঢাকার আশুলিয়ার দেহরা এলাকায় আজ রোববার বিকেলে হুর-ই-শামস কম্পোজিট টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ সুতা তৈরির কাঁচামাল ও সুতা পুড়ে গেছে। কারখানার একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
আশুলিয়া থানা, ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানার আধা পাকা একতলা ভবনের ভেতরের একটি কক্ষে বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই কারখানার পক্ষÿথেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ডিইপিজেড থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কালিয়াকৈর ও ধামরাই ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তাদের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার উৎপাদন কর্মকর্তা নুরুল আলম জানান, আগুন লাগার পরপরই কারখানায় কর্মরত শ্রমিকেরা বের হয়ে আসেন। তাই আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে জানানো হবে।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক আলতাফ হোসাইন হাওলাদার জানান, তুলা দিয়ে সুতা তৈরির যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বিপুল পরিমাণ তুলা ও সুতা পুড়ে যায়। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।