আশুলিয়ার অপহৃত যুবক শেরপুরে উদ্ধার
গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ঢাকার আশুলিয়ার কবিরপুর থেকে অপহরণের এক দিন পর ফজলুল করিম (৩০) নামের এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার শেরপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকালে তাঁকে উপজেলার আম্বইল গ্রাম থেকে উদ্ধার করে।
ফজলুল করিম আশুলিয়া কবিরপুরে কনফিডেন্স নিটিং কারখানার বিক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বকশিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। কবিরপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে ফজলুল করিম পরিবার নিয়ে থাকতেন।
ফজলুল করিম বলেন, ডিবি পুলিশের পরিচয়ে আট ব্যক্তি তাঁকে গত সোমবার রাত সাড়ে আটটায় কবিরপুর এলাকা থেকে জোর করে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তিনি কারখানা থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। অপহরণকারীরা তাঁর পকেটে থাকা দুটি মুঠোফোন সেট ও নগদ এক হাজার ২০০ টাকা নিয়ে যায়। এরপর তাঁকে গাড়ির ভেতর মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সিটের নিচে ফেলে রাখা হয়। পরে গভীর রাতে তাঁকে একটি ঘরে বন্দী করে রাখা হয়। গতকাল সকালে তিনি কৌশলে বাঁধন খুলে ঘর থেকে বের হয়ে ওই গ্রামের সড়কের ওপর এসে স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান।
ফজলুল করিমের ছোট ভাই শরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে মুঠোফোনে অপহরণকারীরা তাঁর ভাইয়ের পুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। না হলে তাঁর ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
শেরপুর থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, খবর পেয়ে গতকাল সকাল নয়টায় ফজলুল করিমকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অপহরণকারীদের কাউকে গ্রামে খুঁজে পাওয়া যায়নি।