আশুলিয়ার লিবার্টি ফ্যাশনস বন্ধ ঘোষণা, বিক্ষোভ
ঢাকার আশুলিয়ার জিরানী এলাকার লিবার্টি ফ্যাশনস নামের একটি পোশাক কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি সংস্কারের জন্য বন্ধ রাখা বা খোলার বিষয়ে কাল বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে কারখানা বন্ধ করে দেওয়ার আশঙ্কায় নিয়ম অনুযায়ী তিন মাসের বেতনসহ অন্যান্য পাওনা দিয়ে বিদায় করে দেওয়ার দাবিতে শ্রমিকেরা গতকাল বিক্ষোভ করেন। যুক্তরাজ্যের পোশাক ক্রেতা প্রতিষ্ঠান টেসকোর মন জয় করতেই লিবার্টির আংশিক কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। লিবার্টি কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের পোশাক ক্রেতা প্রতিষ্ঠান টেসকোর কথামতো কারখানার চারতলা ভবনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এমসিএস নামের একটি অডিট কোম্পানির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের নিরাপত্তার অজুহাতে টেসকো তাদের পণ্য কিনতে অপারগতা প্রকাশ করায় এ উদ্যোগ নেওয়া হয়। তবে কারখানার আরও ১০টি শেডে উৎপাদন অব্যাহত রাখা হয়েছিল। চারতলা ভবন সংস্কারের উদ্যোগ নেওয়ায় ভবনটিতে কর্মরত দুই হাজার ২০০ জন শ্রমিককে গত ১৮ জুন থেকে প্রতিদিন সকালে হাজিরার পর ছুটি দেওয়া হচ্ছিল। হাজিরা নিয়ে ছুটি দেওয়ার কারণে শ্রমিকদের মধ্যে কারখানা বন্ধ করে দেওয়ার আশঙ্কা দেখা দেয়। এ কারণে গতকাল কর্মস্থলে উপস্থিত হয়ে শ্রমিকেরা তিন মাসের বেতনসহ অন্যান্য পাওনা মিটিয়ে বিদায় করে দেওয়ার দাবি জানান।