আশুলিয়ার ১৬ কারখানায় ছুটি নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বনিম্ন আট হাজার টাকা মজুরির দাবিতে ঢাকার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। শ্রমিক অসন্তোষের কারণে গতকাল আশুলিয়ার অন্তত ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এদিকে সর্বনিম্ন মজুরি বোর্ড প্রস্তাবিত পাঁচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ও বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছেন।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে ঘণ্টা খানেক কাজ করার পর আশুলিয়ার জিরাব এলাকার সাউদার্ন, মাসকাট ও রেডিয়াম নামের তিনটি কারখানার শ্রমিকেরা আট হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ সহিংসতার আশঙ্কায় ওই তিনটি কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বের হয়ে আশপাশের বিভিন্ন কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছোড়েন। এ সময় ওই এলাকার আরও আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সকাল ১০টার দিকে বেশ কিছু শ্রমিক জামগড়া এলাকার স্টালিং স্টাইল নামের একটি পোশাক কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছুড়লে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে। দুপুর ১২টার দিকে জিরাব এলাকার ম্যাগপাই নামের পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবিতে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে।

দুপুরের খাওয়ার বিরতির সময় আশুলিয়ার বাইপাইল ও বুড়ির বাজার এলাকার বার্ডস গ্রুপ, ফাহামি ও মাউন্টেন নামের তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবিতে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা এসব কারখানার ভেতরে কিছু আসবাবও ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের কারখানা থেকে বের করার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে তাদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর পৌঁনে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কয়েক হাজার শ্রমিক মজুরি বোর্ড প্রস্তাবিত ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা বাস্তবায়ন এবং শিবু মার্কেট এলাকায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা আবির ফ্যাশন, পলমলসহ কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মিছিল বের করেন।

এ সময় শ্রমিকেরা ওই এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ এবং ৮-১০টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, শ্রমিকেরা মজুরি বোর্ড প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মিছিল ও সড়ক অবরোধ করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।