উত্তরবঙ্গে যাওয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটি গতকাল মঙ্গলবার পর্যন্ত বেশ স্বাভাবিকই ছিল। তবে মহাসড়কের টঙ্গী-আশুলিয়া-বাইপাইল অংশের অবস্থা নাজুক। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখনো ঘরমুখী মানুষের ঢল পুরো শুরু হয়নি। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে যানজট হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ বুধবার, কাল বৃহস্পতি ও শুক্রবার কয়েক লাখ মানুষ এই মহাসড়ক দিয়ে বাড়ি যাবেন। ফলে সবকিছু ঠিক রাখতে না পারলে ঈদে ঘরমুখী মানুষ ভোগান্তিতে পড়তে পারেন।
গতকাল ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত গিয়ে দেখা গেছে, ঢাকা থেকে গাবতলী-সাভার-নবীনগর-চন্দ্রা হয়ে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের অবস্থা ভালো। টঙ্গী-আশুলিয়া-বাইপাইল হয়েও অনেক যানবাহন চন্দ্রা হয়ে চলাচল করে। কিন্তু টঙ্গী-আশুলিয়া-বাইপাইল সড়কের অবস্থা নাজুক। জায়গায় জায়গায় পিচ-পাথরের অস্তিত্ব নেই। বড় গর্ত তৈরি হয়েছে। এবড়োখেবড়ো সড়কে গাড়ি চলছে হেলেদুলে। গোদের ওপর বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে সড়কের পাশের খোঁড়াখুঁড়ি। অনেকটা অংশে সড়কের এক পাশে মাটি খুঁড়ে রাখা হয়েছে, আরেক পাশে মাটি ও ময়লার স্তূপ। ফলে সড়ক হয়ে গেছে সরু, সেখান দিয়ে চলছে গাড়িগুলো। এতে সব সময়ই জট লেগে থাকছে।
আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ইপিজেড, চন্দ্রা ত্রিমোড়, পাকুল্যা, মির্জাপুর, টাঙ্গাইল, এলেঙ্গাসহ বিভিন্ন জায়গায় আগে সড়কের ওপর অটোরিকশা-টেম্পোস্ট্যান্ড, ট্রাক, ভ্যান দাঁড় করিয়ে রাখা হতো। গতকাল দেখা গেল, পুরো সড়ক পরিষ্কার। কিছু দূর পরপর লাঠি-চ্যালা কাঠ হাতে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। কোনো কোনো জায়গায় রাস্তার ওপর কোনো যানকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না।
সকাল সাড়ে নয়টার দিকে মিরপুরের মাজার রোড থেকে আমিনবাজার সেতু পর্যন্ত এক কিলোমিটার পথ যেতেই প্রায় ২৫ মিনিট লেগেছে। আমিনবাজার সেতুর আগে ও সেতুর ওপর পুলিশ ‘যানবাহন দাঁড়ানো নিষেধ’ লেখা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। তবে কেউ মানছে না। সেতুর ওপর বাসগুলো দাঁড়িয়ে যাত্রী তুলছে। আমিনবাজার পার হওয়ার পর এলেঙ্গা পর্যন্ত তেমন কোনো যানজট ছিল না।
পথে আমিনবাজারের চিশতিয়া ফিলিং স্টেশনে কথা হয় হানিফ এন্টারপ্রাইজের দিনাজপুরগামী বাসের চালক খোরশেদ আলমের সঙ্গে। তিনি বলেন, গতকাল পুলিশ খুব তৎপর হয়েছে। তার ওপর যানবাহনের চাপও তেমন নেই। তাই রাস্তা পরিষ্কার। তিনি বলেন, দিনাজপুর যেতে স্বাভাবিক সময়ে সাত থেকে আট ঘণ্টা লাগার কথা। অথচ ১১ থেকে ১২ ঘণ্টা লেগে যাচ্ছে। ওই ফিলিং স্টেশনে পার্ক করে রাখা অন্যান্য বাসের কর্মীরাও বললেন, টাঙ্গাইল, মির্জাপুর এলাকার মহাসড়কে প্রায় প্রতি রাতেই যানজট হচ্ছে। মির্জাপুর থেকে চন্দ্রা পর্যন্ত আসতে অনেক সময় লেগে যাচ্ছে। আবার যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে সব সময়ই তীব্র যানজট লেগে থাকছে।
হানিফ এন্টারপ্রাইজের উত্তরবঙ্গ পথের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, গতকাল পর্যন্ত প্রতিটি বাস এক থেকে দেড় ঘণ্টা বেশি সময় নিয়েছে। এভাবে চললে ঈদের ট্রিপ খুব ভালোভাবেই চালানো যাবে। তবে গতকাল থেকে সব পরিবহনেই যাত্রীর প্রচণ্ড চাপ। এই চাপ থাকবে ১৭ জুলাই পর্যন্ত। তবে বাসগুলো ঢাকা ছাড়তে ও ঢাকায় ঢোকার মুখে বেশি জটে পড়ছে। গতকাল রাত পৌনে ১০টার দিকে তিনি বলেন, মাজার রোড থেকে আমিনবাজার সেতু পর্যন্ত যানবাহন জটে পড়ে স্থবির হয়ে আছে। ঢাকায় ঢোকার পথে সালেহপুর সেতুর আগে থেকেই দীর্ঘ জট হচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সূত্র বলেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৮ থেকে ১১ হাজার যানবাহন যমুনা সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। গত ঈদের আগে এই সংখ্যা এক দিনে ২৫ হাজার পর্যন্ত উঠেছিল। এবার যেহেতু শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি। তাই বৃহস্পতি ও শুক্রবার মানুষের প্রচণ্ড চাপ থাকবে বলে ধরে নেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, টাঙ্গাইলের ৬৫ কিলোমিটার মহাসড়কে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। মির্জাপুর, নাটিয়াপাড়া, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব এলাকায় বিশেষ দল থাকবে। যানজট সরাতে যেন দ্রুত পৌঁছানো যায়, সে জন্য মোটরসাইকেল দলও থাকবে।