আশুলিয়া ও সাভারে দুটি বাসে আগুন
রাজধানীর উপকণ্ঠ সাভার ও আশুলিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সাভারের ঘটনায় নিজাম উদ্দিন নামের এক বাসচালক আহত হয়েছেন।
সাভার থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আব্দুল্লাপুর থেকে ছেড়ে আসা ‘আনন্দ সুপার’ পরিবহনের একটি বাস সাভার বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে দিয়ে রাত পৌনে সাতটার দিকে থানা বাসস্ট্যান্ড এলাকায় দেশ ক্লিনিকের সামনে গিয়ে দাঁড়ায়। এ সময় পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০-১২ জন যুবক বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে সাভার ফায়র ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত দেয়। কিন্তু এর আগেই বাসটি পুড়ে যায়।
বাসের চালক নিজাম উদ্দিন জানান, দেশ ক্লিনিকের সামনে বাস রাখার পর আজিম উদ্দিন নামের এক কারিগর বাসটির জানালার মেরামতের কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাসে আগুন ধরিয়ে দেয়। তাঁরা তখন বাসের ভেতরেই ছিলেন। হুড়োহুড়ি নামার সময় আগুনে তাঁর মুখমণ্ডল সামান্য পুড়ে যায়। তবে আজিম অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হন।
অপরদিকে আশুলিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে সাতটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ‘তৌহিদ পরিবহনের’ একটি বাসে যাত্রী তোলার সময় বেশ কয়েকজন যুবক ওই বাসে উঠে হাতে থাকা বোতল থেকে পেট্রোল ঢালতে থাকেন। এ সময় বাসের চালক ও যাত্রীরা ভয়ে বাস থেকে নেমে যান। পরে ওই যুবকেরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা আগুন দিয়েছে তাদের খোঁজা হচ্ছে।