বকেয়া বেতন, বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়া ও সাভারের চারটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন।
শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ইন্ট্রাকো সোয়েটারের শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।
শ্রমিকেরা জানান, বেশ কয়েকজন শ্রমিকের পাওনা পরিশোধ না করেই অর্থসংকটের অজুহাতে প্রায় তিন মাস আগে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর আর এটি খোলা হয়নি।
এদিকে আশুলিয়ার নয়ারহাটের নূরজাহান অ্যাপারেলসের শ্রমিকেরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করায় গত মঙ্গলবার থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকেরা গতকাল সকালে কারখানার সামনে এসে বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খোলার দাবিতে বিক্ষোভ করেন। বেলা একটার পর শ্রমিকেরা চলে যান।
আশুলিয়ার জামগড়ার ওশান গেটের শ্রমিকেরাও গত মাসের বেতনের দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন। পরে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ তাঁদের বেতন পরিশোধ করে। এর পরও শ্রমিকেরা গতকাল কোনো কাজ করেননি।
এদিকে সাভারের হেমায়েতপুরের ফা অ্যাপারেলসের শ্রমিকেরা হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে গতকাল কর্মবিরতি পালন করেন।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা গতকাল কর্মবিরতি পালন করেন। তেমন কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি।