আশুলিয়া ও সোনারগাঁয়ে ৪টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
ঢাকার সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। নতুন বেতনকাঠামো অনুযায়ী ঈদের বোনাস ও বেতন পরিশোধ এবং ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর শিল্পনগর এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরাও নির্ধারিত বেতনের ৭৫ শতাংশ হারে ঈদ বোনাস দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। আশুলিয়া থানা ও শ্রমিক সূত্রে জানা গেছে, আশুলিয়ার খেজুরবাগান এলাকার সিআইপিএল এবং জামগড়া এলাকার এসসুহী ও ইউনিভার্স নিটিং নামের তিনটি পোশাক কারখানায় প্রায় আট হাজার শ্রমিক গতকাল সকাল ১০টার দিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী ঈদের বোনাস ও বেতন পরিশোধ এবং ছুটি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে দেন। শ্রমিকেরা দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। কিন্তু তিন কারখানার কর্তৃপক্ষই তাৎক্ষণিক আলোচনায় বসতে অপারগতা জানায়। এতে তিন কারখানাতেই শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে র্যা ব ও বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। দুপুরের দিকে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে। বিকেল চারটা পর্যন্ত আলোচনায় কোনো সমাধান না হওয়ায় তিনটি কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা বাড়ি চলে যান। কারখানা তিনটিতে শ্রমিক অসন্তোষের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদের আগে আর যাতে কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে। এ ঘটনায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর শিল্পনগর এলাকার ওপেক্স গ্রুপের সিনহা টেক্সটাইল মিলের শ্রমিকেরা গতকাল সকালে নির্ধারিত মাসিক বেতনের ৭৫ শতাংশ হারে ঈদ বোনাস দেওয়ার দাবিতে তাঁদের কাজ বর্জন করে কারখানা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ শ্রমিক অসন্তোষের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসে। বৈঠক শেষে শ্রমিকেরা কাজে যোগ দেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।