গাজীপুর-টঙ্গী-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়া, গাজীপুর ও টঙ্গীতে আজ মঙ্গলবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসব জায়গায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। অধিকাংশ কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মজুরি বাড়ানোর দাবিতে আজ সকাল আটটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় পোশাকশ্রমিকেরা একটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। এরপর জিরাবো, জামগড়া, বেরনসহ বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। জামগড়া, জিরাবো ও শিমুলতলী এলাকায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে।

একই দাবিতে সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা শিল্প ও থানার পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সদর উপজেলার সারদাগঞ্জ এলাকায় সকাল ১০টা থেকে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন শ্রমিকেরা। কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিকেরা আবারও সংগঠিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পোশাক কারখানার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপার শামসুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, সহিংসতার আশঙ্কায় কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বেশির ভাগ কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

টঙ্গীর পাগাড় এলাকায় সকালে অনন্ত ফেব্রিক লিমিটেড কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁরা কারখানার সামনের রাস্তায় মিছিল করে অবরোধ সৃষ্টি করেন। নিরাপত্তার স্বার্থে পাশের হামিদ টেক্সটাইল, রেডিকস, শিশির নিটিংসহ ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিশির নিটিংয়ের শ্রমিকেরা জানান, তাঁদের কারখানায় এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ। তাঁরা পানি সরবরাহ স্বাভাবিক করার দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। বিক্ষোভকারী শ্রমিকেরা জাবেদ-জোবায়ের ফেব্রিকের সামনে অবস্থান নিয়ে কারখানায় ইটপাটকেল ছুড়ে অন্য শ্রমিকদের তাঁদের আন্দোলনে শামিল হওয়ার ডাক দিচ্ছেন।

টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ শামীমের নেতৃত্বে চার-পাঁচজনের দল ঘটনাস্থলে গেলেও বিপুলসংখ্যক শ্রমিকের সামনে তাঁরা কোনো ব্যবস্থা নেননি।

কয়েক দিন ধরে আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলছে।

(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার; গাজীপুর প্রতিনিধি ও টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি)