আশুলিয়া গাজীপুরের ১৪টি কারখানায় বিক্ষোভ
বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন ঢাকার আশুলিয়া ও গাজীপুরের ১০টি পোশাক কারখানার শ্রমিকেরা। গাজীপুরের তিনটি কারখানার শ্রমিকেরা ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে কোথাও ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া গাজীপুরের মাছিহাতা সোয়েটার কারখানায় গতকাল ফাটল দেখা দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শ্রমিকেরা কর্মবিরতি পালন করে ফাটল দ্রুত সংস্কার ও পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেন। পরে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা এলাকা ত্যাগ করে চলে যান।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন আশুলিয়ার জিরানী এলাকার লিবার্টি ফ্যাশনসের শ্রমিকেরা। তাঁরা কারখানার ভেতরে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী রোববার বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বাসায় চলে যান।
বলিভদ্র এলাকার আনজির ফ্যাশনসের শ্রমিকেরা সকালে কারখানা বন্ধ দেখে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা চলে যান। বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকেরা গত বুধবার বিক্ষোভ করলে কর্তৃপক্ষ গতকাল কারখানা বন্ধ রাখে।
জামগড়ার হারভার্ড সোয়েটার, আশা ক্রিয়েশন ও ওশেন অ্যান্ড ডিজাইন কারখানার শ্রমিকেরা সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে বসে থাকেন। কর্তৃপক্ষ ঈদের আগে দাবি পূরণের আশ্বাস দিলে বেলা দুইটার মধ্যে শ্রমিকেরা বাসায় চলে যান।
একই দাবিতে ছয়তলা এলাকার স্ক্যানডেক্স পোশাক কারখানার শ্রমিকেরাও দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
কুমকুমারী এলাকার জামানা পোশাক কারখানার শ্রমিকেরা গতকালও দিনভর কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন। একই এলাকার মা স্টিজ পোশাক কারখানার শ্রমিকেরা বেলা একটা পর্যন্ত বিক্ষোভ করে চলে যান।
ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে গতকাল বিক্ষোভ করেন গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকার ইন্টার ফেব এবং টঙ্গীর গাজীপুরা এলাকার ভিয়েলাটেক্স গার্মেন্টস ও ভাদাম এলাকার ক্রসলাইন অ্যাপারেলসের শ্রমিকেরা। অন্যদিকে বড়বাড়ির সাহরীন সোয়েটার লিমিটেড ও টঙ্গীর নতুন বাজার এলাকার রওশন গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করেন বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে।
পুলিশ ও শ্রমিকেরা জানান, বুধবার বিকেলে ভিয়েলাটেক্স কারখানা কর্তৃপক্ষ ঈদুল আজহার ছুটি ছয় দিন ঘোষণা করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা দেয়। গতকাল সকাল আটটায় কারখানার প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক আবার ছুটি ১০ দিন, ঈদের বোনাস ও লভ্যাংশের টাকার দাবিতে কর্মবিরতির মাধ্যমে কারখানায় বিক্ষোভ শুরু করেন।
কারখানার প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম মাইক্রোফোনের মাধ্যমে শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন। এ সময় একজন কর্মকর্তা শ্রমিকদের ছবি তোলার চেষ্টা করলে তাঁকে লাঞ্ছিত করেন শ্রমিকেরা। তা ছাড়া নারী শ্রমিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে শ্রমিকেরা কারখানার উৎপাদন কর্মকর্তা আবদুর রাজ্জাক ও মো. মোক্তারের অপসারণের দাবি জানান।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর সহকারী পুলিশ সুপার আ স ম সামসুর রহমান জানান, শ্রমিক অসন্তোষ সৃষ্টি হওয়া কারখানাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।