আশুলিয়া থানার এসআই ও নায়েকসহ ছয় পুলিশ বরখাস্ত
আদালতে নিয়ে যাওয়ার সময় গতকাল রোববার ঢাকার আশুলিয়ায় পুলিশ হেফাজত থেকে দুই আসামি পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আশুলিয়া থানার উপপরিদর্শকসহ (এসআই) ছয় পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন: আশুলিয়া থানার এসআই মাহফুজা আক্তার, নায়েক বাচ্চু মোল্লা ও কনস্টেবল আবুল কালাম, মো. বাদশা মিয়া, শহীদুল ইসলাম এবং আবু বক্কর সিদ্দিক। তাঁদের ঢাকার পুলিশ লাইনে পাঠানো হয়েছে।থানা সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে একদল র্যাব সদস্য ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নাসির ও কাউসার নামের দুজনকে গ্রেপ্তার করে। র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার করা ওই দুজন মাদক ব্যবসায়ী। পরে তাঁদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলাও করা হয়।