আশুলিয়া থানায় ঘুষের টাকার ভাগবাটোয়ারা নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষের টাকার ভাগবাটোয়ারা নিয়ে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থানার এক সহকারী পরিদর্শকের (এএসআই) ওয়াকিটকির আঘাতে এক কনস্টেবলের মাথা ফেটে যাওয়ার ঘটনায় ওই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে এক উপপরিদর্শক (এসআই) ও নায়েকসহ অপর এক কনস্টেবলকে। এদিকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ ও মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত কনস্টেবল মোফাজ্জল হোসেনকে। আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, আশুলিয়া থানার এসআই সেকেন্দার হোসেন, এএসআই মিজানুর রহমান, নায়েক বাচ্চু, কনস্টেবল শাহআলম ও শহীদুল ইসলাম শনিবার রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত আশুলিয়ার আউচপাড়ার একটি কারখানার কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কুমকুমারি গ্রামের মোশাররফ হোসেন, তুহিন, আহামঞ্চদ, শফিক, বিল্লাল ও রুবেল নামের সাত আসামিকে গ্রেপ্তার করেন। এরপর তাঁদের কাছ থেকে ৫৪ হাজার ৫০০ টাকা নিয়ে রাতেই ছেড়ে দেন। সূত্র জানায়, রাত ১২টার দিকে ওই টাকার ভাগবাটোয়ারা নিয়ে এসআই সেকেন্দার হোসেনসহ অন্যান্যের উপস্থিতিতে এএসআই মিজানুর রহমান ও কনস্টেবল শাহআলম বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। বাগিবতণ্ডার একপর্যায়ে এএসআই মিজানুর রহমান তাঁর কাছে থাকা ওয়াকিটকি দিয়ে শাহআলমের মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, টাকার ভাগবাটোয়ারা নিয়ে এএসআইয়ের ওয়াকিটকির আঘাতে কনস্টেবলের মাথা ফাটার ঘটনা ফাঁস হওয়ার পর ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান গতকাল সোমবার এক আদেশে এএসআই মিজানুর রহমান ও কনস্টেবল শাহআলমকে সাময়িক বরখাস্ত করেন। একই আদেশে এসআই সেকেন্দার হোসেনসহ নায়েক বাচ্চু ও কনস্টেবল শহীদুল ইসলামকে ঢাকার পুলিশ লাইনে প্রত্যাহার করেন। এএসআই মিজানুর রহমান বলেন, শনিবার রাতে কর্তব্য পালনের সময় বাগিবতণ্ডার একপর্যায়ে রাগের মাথায় কনস্টেবল শাহআলমকে ধাক্কা দিলে গাড়ি থেকে পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়। টাকার ভাগবাটোয়ারা ও টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার কথা তিনি অস্বীকার করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম বরখাস্ত ও প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।