আশুলিয়া থেকে উদ্ধার ৩৮ টুকরো লাশের পরিচয় মিলেছে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসায় ড্রামের ভেতর থেকে উদ্ধার করা ৩৮ টুকরো লাশের পরিচয় মিলেছে। লাশটি ঝিনাইদহ সদর উপজেলার নইহাটি গ্রামের তাসলিমা আক্তারের।
এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ঝিনাইদহ থেকে একজনকে আটক করেছে।
আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের মজিবর রহমানের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাঁরা আশুলিয়ায় চলে আসেন। তাসলিমা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মজিবর কাজ করতেন একটি টেইলারিংয়ের দোকানে। বিয়ের কিছুদিন পর তাঁদের মধ্যে কলহ দেখা দিলে তাঁরা পৃথক স্থানে বসবাস করতে থাকেন।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জাহিদুল ইসলাম বলেন, মজিবর রহমান গত ৩০ আগস্ট জামগড়া এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। এক দিন পর তিনি ওই বাসায় মালামাল রেখে তালা দিয়ে চলে যান। পরে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্লাস্টিকের ড্রাম থেকে ৩৮ টুকরো অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনার পর পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে ঝিনাইদহ থেকে মুকুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে তাসলিমার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি তাসলিমার স্বামী মজিবরের বন্ধু। নতুন বাসায় মালামাল আনার দিন মজিবরের সঙ্গে তিনিও ছিলেন।
আবদুল আউয়াল বলেন, ঘটনার পর থেকে মজিবর রহমান পলাতক। এ কারণে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে মজিবর তাসলিমাকে অন্য কোথাও খুন করে লাশ ড্রামে ভরে নতুন বাসায় রেখে গা ঢাকা দিয়েছেন।