আশুলিয়া থেকে গাড়িচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গতকাল শনিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর গুলশানের একটি আবাসিক হোটেলের গাড়িচালক ছিলেন। নিহত গাড়িচালক মাসুমের (২৮) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে। আশুলিয়া থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাত নয়টার পর থেকে জামগড়া এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে একটি প্রাইভেট কার থেমে ছিল। রাতভর গাড়িটিকে একই স্থানে পড়ে থাকতে দেখে গতকাল সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গাড়ির দরজা খুলে পেছনের আসনে একটি লাশ দেখতে পায়। পরিচয়পত্র থেকে জানা যায়, নিহত ব্যক্তি গুলশানের একটি হোটেলের গাড়িচালক। পরে তাঁর ছোট ভাই আনোয়ার হোসেন থানায় এসে লাশ শনাক্ত করেন। এ ব্যাপারে আনোয়ার গতকাল আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সেকেন্দার হোসেন বলেন, দুর্বৃত্তরা মাসুমকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুর্বৃত্তদের গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল না।