আশুলিয়া ব্যাংক ডাকাতির মামলার রায় ৩১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় আগামী ৩১ মে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই দিন ধার্য করেন।
পুলিশ জানায়, এ মামলার অভিযোগপত্রভুক্ত ১১ জন আসামির মধ্যে সাতজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, প্রত্যক্ষ সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে মামলার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে।
আদালত সূত্র জানায়, আসামিদের মধ্যে সাতজন ব্যাংক ডাকাতি ও এর পরিকল্পনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ ৬৪ জন সাক্ষী উপস্থাপন করেছেন।
গত বছরের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতি হয়। ডাকাতি শেষে পালানোর সময় ডাকাতদের ছুরিকাঘাত ও গুলিতে ব্যাংকের কর্মচারীসহ আটজন নিহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করে গত বছরের ১ ডিসেম্বর অভিযোগপত্র দেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার সাহা। আসামিরা হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আবদুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ। পলাশ পলাতক। বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার ছাড়া বাকিরা জেএমবির সদস্য।