আশুলিয়া শান্ত কাজে ফিরেছেন শ্রমিকেরা
সহকর্মীদের পুড়ে মারা যাওয়ার শোক নিয়ে গতকাল বৃহস্পতিবার কাজে ফিরেছেন আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল আশুলিয়া ছিল শান্ত। ওই এলাকাজুড়ে ছিল বিপুলসংখ্যক পুলিশ।আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডের পুড়ে যাওয়া ভবনের সামনে গতকালও ছিল মানুষের ভিড়। বকেয়া বেতন আর ক্ষতিপূরণের আশায় এসেছিলেন কারখানাটির অনেক শ্রমিক ও নিহত শ্রমিকদের স্বজনেরা। নিখোঁজ শ্রমিকদের খুঁজতে এসেছিলেন তাঁদের স্বজনেরা। গত শনিবার আগুনে ওই কারখানার ১১১ জন শ্রমিক মারা যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, এলাকার পরিস্থিতি শান্ত। শ্রমিকেরা কাজ করেছেন। তবু পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।তাজরীন ফ্যাশনসের সামনে সকালে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি টাঙানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ডিসেম্বরের মধ্যে তাজরীনের সব শ্রমিককে বেতন দেওয়া হবে। নিহত ১১১ জনের কারও পরিবারে উপার্জনক্ষম সদস্য না থাকলে ১০ বছর পর্যন্ত ওই পরিবারের খরচ বহন করবে বিজিএমইএ। আর চাকরি করার মতো কেউ থাকলে তাকে চাকরি দেওয়া হবে। নিহতদের প্রত্যেকের পরিবারের উত্তরাধিকারীকে বিজিএমইএ, মালিক ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহায়তা বাবদ এককালীন অনুদান দেওয়া হবে। যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাঁদের সুস্থ হওয়ার ও পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব বিজিএমইএ বহন করবে। যাঁরা আহত অবস্থায় বাসাবাড়িতে অবস্থান করছেন, তাঁদের সুচিকিৎসার জন্য বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) জগলুল হায়দারের মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।কারখানার সামনে ভিড় করা শ্রমিকেরা উৎসুক ছিলেন নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার টাকা পাওয়ার প্রক্রিয়া জানতে। এসব তথ্য জানার জন্য সেখানে বিজিএমইএ বা প্রশাসনের কাউকে না পেয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।কয়েকজন শ্রমিক জানান, আহতদের চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে জানতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মুঠোফোন নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে চিকিৎসা চালিয়ে যেতে বলা হয়েছে। সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি।