আশুলিয়ার অপহূত ব্যবসায়ী উদ্ধার হয়নি, মামলা
রাজধানীর অদূরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকা থেকে অপহূত ব্যবসায়ী বাবুল সরকারকে (৩৫) পুলিশ গতকাল বুধবার রাত পর্যন্ত উদ্ধার করতে পারেনি। গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এদিকে বাবুলের ছোট ভাই আল মামুন তাঁর ভাই অপহরণ হওয়ার ঘটনায় থানায় যে লিখিত অভিযোগ দিয়েছিলেন, গতকাল বুধবার সন্ধ্যায় তা মামলা হিসেবে নথিভুক্ত করেছে আশুলিয়া থানা। আশুলিয়া থানার পুলিশ ও অপহূতের পারিবারিক সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে লিখিত চুক্তির ভিত্তিতে দীর্ঘদিন ধরে বাবুল সরকার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ভেতরে অবস্থিত ‘পেজার বাংলাদেশ লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার ঝুট ক্রয় করে আসছিলেন। এ নিয়ে একই এলাকার ঝুট ব্যবসায়ী ওমর ফারুক, তাঁর ভাই রওশন আলী ও জুলহাসের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে বাবুল সরকারকে অপহরণ করা হয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অপহূত ব্যবসায়ী বাবুলের ছোট ভাই আল মামুন জানান, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জের ধরেই তাঁর ভাই অপহূত হন। কারা এবং কী কারণে তাঁর ভাইকে অপহরণ করেছেন, তা নিশ্চিত হয়েই তিনি মামলায় ঝুট ব্যবসায়ী ওমর ফারুক, তাঁর ভাই রওশন আলী ও জুলহাস, জাহিদুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করেছেন। আল মামুন জানান, গত দুই দিনেও পুলিশ তাঁর ভাইকে উদ্ধার করতে পারেনি। কিন্তু আসামিদের অনেকেই থানায় ঘুরে ঘুরে তদবির করছেন। অবশ্য ব্যবসায়ী ওমর ফারুক বলেছেন, ঝুট ব্যবসা নিয়ে প্রতিযোগিতা থাকলেও বাবুলের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই। আর অপহরণের সঙ্গে তাঁদের জড়িত থাকার কোনো কারণ নেই। যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, মামলা নেওয়া হয়েছে। অপহূতকে উদ্ধারের চেষ্টা চলছে।