পারিশ্রমিক ও যাতায়াত ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবারও আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের জের ধরে গতকাল আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ছুটি ঘোষণা করা হয়েছে তিনটিতে।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানায় ভাঙচুর এবং শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর গতকাল থেকে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার ফাউন্টেন নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কারখানাটির মূল ফটকে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা চালান। তবে পুলিশ ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর ওই শ্রমিকেরা বগাবাড়ী এলাকায় গিয়ে সাইনেস্ট গ্রুপের সিলভার প্যাকেজিং এবং ইউনিক এলাকায় গিয়ে আরবা টেক্সটাইল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা দুটিতে ছুটি ঘোষণা করা হয়।এদিকে জামগড়া এলাকার ওয়েসিন ডিজাইনের শ্রমিকেরা গতকাল বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেছেন। এ ছাড়া খেজুরবাগানের পার্ল গার্মেন্টসের শ্রমিকেরা পারিশ্রমিক বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে বেলা তিনটার দিকে কারখানাটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।আন্দোলনরত শ্রমিকেরা বলেন, তাঁরা কাজ করবেন কিন্তু তাঁদের বেঁচে থাকার মতো পারিশ্রমিক দিতে হবে। কিন্তু মালিকেরা এটা উপলব্ধি না করে যখনই তাঁদের ওপর দমন-নিপীড়ন চালান, তখনই অস্থির অবস্থার সূত্রপাত হয়। কর্তৃপক্ষ তাঁদের ন্যায়সংগত দাবিগুলো মেনে নিলেই এই অঞ্চলের শ্রমিক অসন্তোষের অবসান ঘটবে বলে তাঁরা দাবি করেন। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার একটি কারখানা বন্ধ ঘোষণা ও আরও তিনটিতে ছুটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুস সাত্তার। তিনি বলেন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবিতে আশুলিয়া অঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক-বিক্ষোভ হচ্ছে। ফলে কোনোটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আবার কোনোটিতে সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হচ্ছে।