আশুলিয়ার আরেকটি পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘গিলড্যান স্ফিল বাংলাদেশ’ নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। এতে কারখানার একটি কক্ষের সব মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে কারখানার বিদ্যুৎমিস্ত্রি আহত হন।অগ্নিকাণ্ডের খবর শুনে কারখানার শ্রমিকসহ শত শত উৎসুক জনতা কারখানার সামনে উপস্থিত হয়। তারা পোশাক কারখানায় বারবার আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়ে বিক্ষোভ করে।এর আগে গত শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস নামের একটি কারখানায় আগুন লেগে ১১১ শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনায় গতকাল সারা দেশে শোক দিবস পালনের ঘোষণা দেয় সরকার।আশুলিয়া থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানার পেছনে একতলাবিশিষ্ট রক্ষণাবেক্ষণকক্ষে আগুন লাগে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই কক্ষের সব মালামাল পুড়ে যায়।কর্মকর্তারা বলেন, রক্ষণাবেক্ষণকক্ষের সঙ্গেই কারখানার বয়লারের কক্ষ। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বয়লার বিস্ফোরিত হওয়ার আশঙ্কা ছিল। বয়লার বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষতি হতো।কারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শাহ আলম বলেন, সরকার শোক দিবস ঘোষণা করায় গতকাল তাঁদের কারখানা বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণকক্ষের সামনে কর্তব্য পালন করছিলেন নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ। আগুন ধরার পর তিনি দৌড়ে এসে তাঁকে খবর দেন। তাৎক্ষণিক বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।কারখানার বিদ্যুৎমিস্ত্রি জামাল হোসেন বলেন, রক্ষণাবেক্ষণকক্ষের এক পাশের জানালা খোলা ছিল। ওই খোলা জানালার পাশ দিয়েই আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে গিয়ে তিনি আহত হন।ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ঢোকার রাস্তা না থাকায় তাঁরা বেকায়দায় পড়েন। পরে কারখানার ভেতর দিয়ে পাইপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।