আশুলিয়ার একটি কারখানায় আবারও শ্রমিক অসন্তোষ
সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ওশেন গেট সোয়েটার কারখানার সাত শতাধিক শ্রমিক গতকাল বৃহস্পতিবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। ন্যূনতম পাঁচ হাজার টাকা পারিশ্রমিক ও পুলিশের হাতে আটক দুই সহকর্মীর মুক্তির দাবিতে গতকাল সকালে কাজ বন্ধ করে তাঁরা বিক্ষোভ করেন। আশুলিয়া থানার পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ন্যূনতম পাঁচ হাজার টাকা পারিশ্রমিক ও অতিরিক্ত কাজের ন্যায্য মজুরির দাবিতে ওশেন গেট সোয়েটার লিমিটেডের সাত শতাধিক শ্রমিক বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। অব্যাহত বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ গত রোববার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এরপর কারখানার পক্ষ থেকে শ্রমিকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। পুলিশ বুধবার গভীর রাতে ডেন্ডাবর এলাকা থেকে এমদাদুল ও আনোয়ার নামে দুই শ্রমিককে আটক করেন। পুলিশ জানায়, বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা থাকলেও ওশেন গেট সোয়েটার লিমিটেড খোলা হয় গতকাল। শ্রমিকেরাও যথাসময়ে কাজে যোগ দেন। এ সময় তাঁরা দুই সহকর্মীকে আটকের খবর জানতে পারেন। এরপর শ্রমিকেরা আটক শ্রমিকদের মুক্তির দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কারখানার মূল ফটক বন্ধ করে কর্মকর্তাদের কারখানার ভেতরে অবরোধ করে রাখেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই শ্রমিককে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। কিন্তু কিছুক্ষণ পরে শ্রমিকেরা ন্যূনতম পাঁচ হাজার টাকা পারিশ্রমিকসহ আট দফা দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ দুই শ্রমিককে ছেড়ে দিয়ে কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন। সরকার নতুন বেতনকাঠামো ঘোষণা করলে সেই অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়া হবে এবং সংগত অন্যান্য দাবি মেনে নেওয়া হবে বলে বৈঠকে কর্তৃপক্ষ আশ্বাস দিলে দুপুর দুইটার পর শ্রমিকেরা কাজে ফিরে যান। কারখানার বাণিজ্যিক ব্যবস্থাপক খন্দকার আবদুল বাতেন অভিযোগ করেন, শ্রমিকেরা অযৌক্তিক দাবিতে বিক্ষোভ করেন। তাঁদের দাবি না মানলেই ভাঙচুর চালান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ওই কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দুই শ্রমিককে আটক করা হয়েছিল। পরে সমঝোতার ভিত্তিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।