আশুলিয়ার কমার্স ব্যাংক খুলেছে, হয়েছে লেনদেন
প্রাণঘাতী ডাকাতির ঘটনার পাঁচ দিন পর গতকাল রোববার থেকে বাংলাদেশ কমার্স ব্যাংক আশুলিয়ার কাঠগড়া শাখার কার্যক্রম আবার শুরু হয়েছে। এর আগে এ শাখায় একজন ব্যবস্থাপক, পাঁচজন কর্মকর্তা, তিনজন নিরাপত্তাকর্মী ও একজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়।
পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ডাকাতদের হামলায় ওই শাখার ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী, এক ব্যবসায়ী ও এক ডাকাতসহ নয়জন নিহত হওয়ার পর শাখাটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় গতকাল বিকেল থেকে লেনদেন শুরু হয়েছে। এর আগে সকাল থেকে ব্যাংকের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়।
বিকেলে ব্যাংকের দ্বিতীয় তলায় ফটকের সামনে একজন নিরাপত্তাকর্মীকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তাঁর কাছে একটি রেজিস্টার বই ছিল। গ্রাহকেরা ওই বইয়ে নিজের পরিচয় লিখে ব্যাংকে প্রবেশ করেন। এ ছাড়া ব্যাংকটির সামনে বিপুলসংখ্যক পুলিশও মোতায়েন ছিল।
ব্যাংকের নতুন ব্যবস্থাপক ফিরোজ আহাম্মেদ বলেন, ‘কর্তৃপক্ষের ইচ্ছায় এখানে যোগদান করেছি। চেষ্টা থাকবে যাতে সাবধানে দায়িত্ব পালন করতে পারি।’
কাঠগড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলেন, বাজারের ব্যবসায়ীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। এর পরও প্রয়োজনের তাগিদে গতকাল অনেককেই লেনদেন করতে হয়েছে।
ডাকাতির পর গৃহীত পদক্ষেপ বিষয়ে জানার জন্য কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আনিসুল কবীরের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কথা না বলেই ফোন কেটে দেন তিনি।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। খুব শিগগির মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।