ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় কাঠগড়া বাজারে গত সোমবার রাতে ‘ডাকাতি’ হয়েছে। ব্যবসায়ীরা ডাকাত দলের সোহেল (১৭) নামের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। ব্যবসায়ীরা এই ঘটনাকে ডাকাতি বললেও পুলিশ বলছে চুরি। পুলিশ ও ব্যবসায়ীরা জানান, রাত ১০ থেকে ১১টার মধ্যে ডাকাতেরা বাজারের রহমান জেনারেল স্টোর, নূর বস্ত্র বিতান, মা জুয়েলার্স, শারমিন জুয়েলার্স, সেবা ফার্মেসি, ঝর্না স্টোর, রফিকের চালের আড়ত ও সততা জেনারেল স্টোরে হানা দেয়। তারা ওই সব দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় সোহেলকে ব্যবসায়ীরা ধরে ফেলেন। অন্যরা পালিয়ে যায়। ব্যবসায়ীরা জানান, সোমবার রাত ১১টার দিকে ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে আসে গতকাল মঙ্গলবার বিকেলে। তখনই আটক সোহেলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শারমিন জুয়েলারির মালিক আবদুল আজিজ ও ব্যবসায়ী মাহাবুবুল আলম জানান, শীতের রাতের কারণে ব্যবসায়ীরা রাত নয়টার আগেই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বাজারে রাত্রিকালীন পাহারাদারেরা আসেন রাত ১১টার দিকে। এ সুযোগে ডাকাতেরা হানা দেয়। কাঠগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বলেন, ডাকাতেরা সর্বশেষ সেবা ফার্মেসিতে হানা দেয়। এ সময় বাজারের রাত্রিকালীন প্রহরীরা চলে এলে ডাকাতেরা পালিয়ে যায়। ওই দোকানে আটকা পড়ে সোহেল। পরে এলাকাবাসী ও ব্যবসায়ীরা তাকে আটক করে মারধর করে।পুলিশ হেফাজতে সোহেল জানায়, তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভট্টজিকান্তি গ্রামে। তার সঙ্গে আরও পাঁচজন ছিল। সোহেল দেড় মাস আগে এই দলে যোগ দিয়েছে। আগে ভাঙারির দোকানে কাজ করত। সোহেল আরও জানায়, সোমবার বিকেলেই তারা বাজারে অবস্থান নেয়। শ্রমিক বেশে বাজারের নির্জন স্থানে শুয়ে ছিল। পরে সুযোগ বুঝে হানা দেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ডাকাতি নয়, কাঠগড়া বাজারে কয়েকটি দোকানে চুরি হয়েছে। ব্যবসায়ীরা এক চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।