আশুলিয়ার চারটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
বকেয়া বেতনের দাবিসহ কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে সাভারের চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকালে পৃথকভাবে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। এসব কারখানা হচ্ছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকার ইপিক, অ্যালায়েন্স স্টিচেস লিমিটেড, আলফা প্যাটার্ন ও আশুলিয়ার জামগড়া এলাকার ডিজাইনার জিনস।আশুলিয়া থানার পুলিশ ও ইপিক কারখানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে মালিকপক্ষ এক নোটিশে শ্রমিকদের কারখানার ভেতরে মোবাইল ফোন ব্যবহার, ছুটি নিলে হাজিরা বোনাস বন্ধসহ কর্মকালীন সময়ে পাস ছাড়া বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসব সিদ্ধান্তের প্রতিবাদে ইপিকের চার শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মালিকপক্ষ শ্রমিকদের কারখানার বাইরে চলে যেতে বলে। কিন্তু শ্রমিকেরা কারখানার মধ্যেই বিক্ষোভ করতে থাকেন। পরে দায়িত্বরত আনসার সদস্যরা তাঁদের জোর করে বের করার চেষ্টা করেন। এ সময় আনসার ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বেপজা কর্তৃপক্ষের মধ্যস্থতায় মালিকপক্ষ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করে বাড়ি চলে যান।অ্যালায়েন্স স্টিচেস পোশাক কারখানার শ্রমিকেরা অভিযোগ করেন, সকাল সাড়ে নয়টার দিকে কারখানার তৃতীয় তলার লাইন চিফ রফিকুল ইসলাম একই লাইনের সুপারভাইজার মিতুকে লাঞ্ছিত করেন। রফিক তাঁর কাছ থেকে জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেন। মিতু কারখানা থেকে বের হতে না চাইলে একজন নিরাপত্তাকর্মী তাঁকে ধাক্কা দেন। এর প্রতিবাদে কারখানার প্রায় ৮০০ শ্রমিক লাইন চিফ রফিকের অপসারণ দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। পরে মালিকপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করেন।ডিইপিজেডের আরেক পোশাক কারখানা আলফা প্যাটার্নের শ্রমিকেরা জানান, গত ডিসেম্বরের বেতনের দাবিতে চার শতাধিক শ্রমিক সকাল আটটা থেকে কাজ বন্ধ করে বিকেল তিনটা পর্যন্ত বিক্ষোভ করেন। পরে বেপজা কর্তৃপক্ষ ১৪ জানুয়ারি বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করেন।ডিইপিজেডের জিএম আশরাফুল কবীর বলেন, ডিইপিজেড এলাকার তিনটি করখানায় সামান্য ঝামেলা হয়েছিল। তাত্ক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।ডিজাইনার জিনস কারখানার শ্রমিকেরা জানান, সকাল আটটায় কর্মস্থলে গিয়ে তাঁরা কারখানা বন্ধ পান। মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।