আশুলিয়ার জমি ব্যবসায়ী আট দিনেও উদ্ধার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে অপহরণ করা জমি ব্যবসায়ী ওবায়দুর রহমানকে (৬০) আট দিনেও উদ্ধার করতে পারেনি র‌্যাব ও পুলিশ। ওবায়দুরের জন্য ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারী। অপহরণের ঘটনায় আলমগীর নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায়। আশুলিয়া থানার পুলিশ ও পরিবার জানায়, ওবায়দুর দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় জমি কেনাবেচার ব্যবসা করে আসছিলেন। ১৮ জানুয়ারি অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি এসে তাঁর সঙ্গে দেখা করে জমি কেনার আগ্রহ দেখান। ওবায়দুর আশুলিয়ার এনায়েতপুর এলাকায় জমি দেখানোর পর ওই ব্যক্তি জমি পছন্দ করেন। দুদিন পর ২০ জানুয়ারি দুপুরে ওই ব্যক্তি ও এক নারী এসে সেই জমি দেখতে যান। তাঁদের সঙ্গে যান ওবায়দুর তাঁর আত্মীয় আমিনুর রহমান (৫০)।আমিনুর বলেন, জমি দেখার পর ক্রেতারা বায়না দেওয়ার কথা বলে তাঁদের দুজনকে মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে নিয়ে যান। সেখানকার কয়েকজন লোক ওবায়দুরকে নিয়ে যান এবং তাঁকে গাড়িতে করে বাইশমাইল এলাকায় পৌঁছে দেন। এরপর এক ব্যক্তি মুঠোফোন করে ওবায়দুরকে অপহরণ করার কথা জানিয়ে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।অপহরণের চার দিন পর ওবায়দুরের ছেলে মমিনুল ইসলাম আশুলিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন প্রথম আলোকে বলেন, ওবায়দুরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।এর আগে ১৯ জানুয়ারি জমি কেনার কথা বলে অজ্ঞাতনামা দুই ব্যক্তি আশুলিয়ার চিত্রাশাইলের ব্যবসায়ী চান মিয়াকে ঢাকায় নিয়ে যান এবং তাঁকে আটকে রেখে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ২২ জানুয়ারি রাজধানীর মগবাজারের একটি হোটেল থেকে চান মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।এসব ব্যাপারে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বলেন, অপরাধীদের কাজ হচ্ছে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া। তাই যার কাছে টাকা থাকবে, তারা তাদেরই টার্গেট করছে।